নওগাঁর মহাদেবপুর উপজেলায় পুকুরে গোসল করতে নেমে তাসলিমা আক্তার নামে এক কলেজছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (৪ অক্টোবর) দুপুরে উপজেলার চেরাগপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত তাসলিমা আক্তার চেরাগপুর গ্রামের বাসিন্দা নুরুন্নবীর মেয়ে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুর ১টার দিকে তাসলিমা তার স্বামীকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন। এরপর দুপুর আড়াইটার দিকে তিনি তার আট বছর বয়সী ছোট ভাইকে সঙ্গে নিয়ে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যান। এ সময় তাসলিমা ও তার স্বামী পুকুরে নামলে একপর্যায়ে তারা ডুবে যান।
ঘটনার পর তাসলিমাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। একই ঘটনায় গুরুতর অসুস্থ অবস্থায় তার স্বামী সামির হোসেনকে দ্রুত মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, পুকুরে ডুবেই তাসলিমা আক্তারের মৃত্যু হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

















