মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনের পিস্তল হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এই ঘটনায় কোনো আইন লঙ্ঘিত হয়েছে কি না, তা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রবিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম এই তথ্য জানান। তিনি বলেন, বিষয়টি মূল্যায়নের পর্যায়ে রয়েছে এবং এখনই এ নিয়ে বিস্তারিত মন্তব্য করা সমীচীন হবে না। সংশ্লিষ্ট ডিসি পুরো ঘটনার পর্যালোচনা করে প্রতিবেদন জমা দেবেন। প্রতিবেদনে যদি আইনের কোনো ব্যত্যয় পাওয়া যায়, তবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। একজন মন্ত্রী ব্যক্তিগতভাবে পুলিশের মতো অভিযানে অংশ নিতে পারেন কি না—এমন প্রশ্নের সরাসরি উত্তর এড়িয়ে গিয়ে ডিবি প্রধান বলেন, এ বিষয়ে তিনি মন্তব্য করবেন না।
উল্লেখ্য, গত শনিবার বিকেলে ইশরাক হোসেনের নিজস্ব ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওতে দেখা যায়, তিনি গাড়ি থেকে নেমে হাতে হ্যান্ড মাইক ও পিস্তল নিয়ে একদল লোকের পিছু ধাওয়া করছেন। এক পর্যায়ে তাকে পিস্তলের স্লাইড টেনে গুলির প্রস্তুতি নিতে এবং লোকজনের দিকে অস্ত্র তাক করে ‘অ্যাই দাঁড়া, দাঁড়া’ বলে চিৎকার করতে দেখা যায়। রাজধানীর গেণ্ডারিয়া রেললাইন-সংলগ্ন এলাকায় মাদকবিরোধী অভিযানের সময় এই ঘটনাটি ঘটে। ভিডিওতে তার সাথে সাদা পোশাকে আরেক ব্যক্তিকেও অস্ত্র হাতে লোকজনকে ধাওয়া করতে দেখা গেছে। একই দিন সন্ধ্যায় ইশরাক হোসেন তার ফেসবুক পেজে আরেকটি পোস্ট দিয়ে ঘোষণা দেন যে, ঢাকা-৬ আসন মাদকমুক্ত না হওয়া পর্যন্ত তার এই অভিযান অব্যাহত থাকবে।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।

















