নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফকে গুলি করে হত্যার ঘটনায় সাজেবুল ইসলাম অপূর্ব (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) মধ্যরাতে দুর্গাপুর পৌরশহরের পুরাতন সিনেমা হল রোড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া অপূর্ব দুর্গাপুরের উকিলপাড়া এলাকার শমসের আলীর ছেলে।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার সাকের আহমেদ জানিয়েছেন, অপূর্ব দুর্গাপুরের অন্যতম সন্ত্রাসী হিসেবে পরিচিত তাজুল ইসলামের সহযোগী।
এর আগে গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে দুর্গাপুর উপজেলার তেলনজিয়া গ্রামে সাংবাদিক আলিফের বাড়ির পাশের একটি দোকানে দুর্বৃত্তরা তাঁকে গুলি করে হত্যা করে। শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের কিছুটা ভেতরে অবস্থিত ওই দোকানে এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। নিহত সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফের গ্রামের বাড়ি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের সুনই গ্রামে।

















