কুষ্টিয়ার কুমারখালীতে মরমী সাধক লালন শাহের আখড়াবাড়ি পরিদর্শনে গিয়ে হামলার শিকার হয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ছেঁউড়িয়ার লালন শাহের আখড়াবাড়িতে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সফরসঙ্গীদের নিয়ে আখড়াবাড়িতে প্রবেশের পর পরিদর্শন শেষে লালনশিল্পীদের গান পরিবেশনের স্থান দেখার সময় একদল ব্যক্তি তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং তার ওপর হামলা চালানো হয়। এ সময় বাইরে থাকা তার গাড়িটিও ভাঙচুর করা হয়। স্থানীয় কয়েকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে মাজার প্রাঙ্গণে নিরাপদে নিয়ে যান।
এনসিবি’র কুষ্টিয়া জেলা কমিটির সদস্য সচিব আবু তালহার অভিযোগ, পূর্বপরিকল্পিতভাবে ছাত্রদল নেতা সংগ্রাম ও পাপনের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে। ঘটনার সময় আখড়াবাড়ির গেটের সামনে পুলিশের উপস্থিতি থাকলেও তারা কার্যকর ভূমিকা নেয়নি বলে স্থানীয়দের দাবি। আগামী ১৭ই অক্টোবর থেকে লালন শাহের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে তিনদিনব্যাপী আয়োজন শুরু হতে যাচ্ছে। এমন একটি উৎসবের ঠিক কয়েকদিন আগে পুলিশের উপস্থিতিতে অতিথির ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এর আগে নাসীরুদ্দীন পাটওয়ারী শিলাইদহে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি পরিদর্শন করেছিলেন।
এদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নাসীরুদ্দীন পাটওয়ারীর আগমন সম্পর্কে তাদের আগে থেকে অবহিত করা হয়নি। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, তিনি মাজারে আসার বিষয়টি পুলিশ জানত না, জানালে প্রটোকলের ব্যবস্থা করা যেত। ঘটনার বিষয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার আমিনুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। এখন পর্যন্ত এই ঘটনায় থানায় কোনো মামলা দায়ের হয়েছে কিনা বা অভিযুক্তদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

















