ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এক কলেজছাত্র প্রেমিকার অন্যত্র বিয়ে হয়ে যাওয়ার খবর পেয়ে আত্মহত্যা করেছেন। পরে প্রেমিকের বিষপানের খবর শুনে ওই তরুণীও বিষপানে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। নিহত কলেজছাত্রের নাম ইয়াহিয়া খান (২৪)।
পীরগঞ্জ থানা সূত্রে জানা যায়, পীরগঞ্জ উপজেলার কোষারাণীগাঁও এলাকার আব্দুল কালাম আজাদের ছেলে ইয়াহিয়া খান পীরগঞ্জ ডিএন ডিগ্রি কলেজ থেকে অনার্সে পড়াশোনা করতেন। দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার এক তরুণীর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি ওই তরুণীর অন্যত্র বিয়ে হয়ে যাওয়ার খবর জানতে পেরে গত ১৩ সেপ্টেম্বর ইয়াহিয়া নিজ বাড়িতে ঘাসমারা কীটনাশক পান করেন।
অসুস্থ অবস্থায় পরিবারের সদস্যরা তাঁকে প্রথমে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে এবং পরে দিনাজপুরের একটি হাসপাতালে ভর্তি করেন। পীরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক আব্দুল হাকিম জানান, কিছুটা সুস্থ বোধ করায় গত ২৮ সেপ্টেম্বর ইয়াহিয়াকে বাড়িতে নিয়ে আসেন স্বজনরা। কিন্তু ১ অক্টোবর তিনি পুনরায় অসুস্থ হয়ে পড়লে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৩ অক্টোবর বিকেলে তাঁর মৃত্যু হয়।
পুলিশ কর্মকর্তা আব্দুল হাকিম আরও বলেন, স্থানীয় সূত্রে নিশ্চিত হওয়া গেছে যে ইয়াহিয়ার বিষপানের বিষয়টি জানতে পেরে তাঁর প্রেমিকাও বিষপান করেছিলেন। পরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁরও মৃত্যু হয়। তবে ওই তরুণীর নাম পরিচয় জানা যায়নি।

















