ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের ওয়েটিংরুমের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৬০ বছর।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সোয়া ৯টার দিকে ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার আইয়ুব আলী জানান, অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে জরুরি বিভাগে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে বিষয়টি হাসপাতালের পুলিশ ক্যাম্পে জানানো হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এখন পর্যন্ত ওই ব্যক্তির নাম-পরিচয় শনাক্ত করা যায়নি। তিনি আরও জানান, প্রযুক্তির সহায়তায় মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকেও অবহিত করা হয়েছে।

















