সৌদি আরবের পবিত্র ভূমিতে হামলা এবং সেখানে অবস্থানরত নিরপরাধ ওমরাহযাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী। গত রোববার (১১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এই প্রতিক্রিয়া জানান।
ফেসবুক পোস্টে মিজানুর রহমান আজহারী উল্লেখ করেন যে, মক্কা ও মদিনা কেবল কোনো সাধারণ ভৌগলিক স্থান নয়, বরং এই দুই নগরী সমগ্র মুসলিম উম্মাহর হৃদয়ের স্পন্দন। পবিত্র এই ভূমিতে যেকোনো ধরনের হামলা এবং নিরপরাধ ওমরাহযাত্রীদের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ার ঘটনাকে তিনি অত্যন্ত উদ্বেগজনক ও বেদনাদায়ক বলে বর্ণনা করেছেন।
তিনি আরও লেখেন, আল্লাহর কাছে বিশেষ মর্যাদাপ্রাপ্ত এই ভূমির পবিত্রতা ও সম্মান ক্ষুণ্ন করার পরিণাম অত্যন্ত ভয়াবহ। পোস্টের শেষে তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করে লেখেন, হে কাবার মালিক, তুমি মক্কা-মদিনাকে সব ধরনের অনিষ্ট থেকে হেফাজত করো।

















