গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়েছেন একদল মাদক কারবারি। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল সোয়া ৫টার দিকে আটক দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে এই হামলার ঘটনা ঘটে। তবে হামলাকারীরা আটককৃতদের পুলিশ হেফাজত থেকে ছিনিয়ে নিতে ব্যর্থ হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন বিকেলে জয়দেবপুর রেলওয়ে স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে ইয়াবা বিক্রির সময় মো. আনিছ (১৮) ও শিমলা (২২) নামের দুজনকে আটক করে রেলওয়ে পুলিশ। তাদের কাছে ৫৮টি ইয়াবা পাওয়া যায়। আটক করার পর তাদের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়।
ফাঁড়িতে নিয়ে আসার কিছুক্ষণ পরই একদল ব্যক্তি ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিতে সেখানে হামলা চালায়। এ সময় হামলাকারীদের প্রতিরোধের মুখে পড়ে রেলওয়ে পুলিশের দুই সদস্য আহত হন। আহত পুলিশ সদস্যরা হলেন এটিএসআই নুরুল ইসলাম ও কনস্টেবল আশিকুর রহমান। হামলার পর হামলাকারীরা পুলিশ সদস্যদের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

















