বার্সেলোনার তরুণ প্রতিভা লামিন ইয়ামালকে লিওনেল মেসির সঙ্গে তুলনা করার বিষয়টি মোটেও ভালোভাবে দেখছেন না পিএসজি কোচ লুইস এনরিকে। ব্যালন ডি’অরের অন্যতম ফেভারিট হিসেবে বিবেচিত এই ১৮ বছর বয়সী ফুটবলার বর্তমানে দুর্দান্ত ফর্মে আছেন। বার্সেলোনার হয়ে এই মৌসুমে ১১ ম্যাচে ৯টি গোল করার পাশাপাশি ১০টি গোল করিয়েছেন তিনি। রাইট উইংয়ে খেলা এবং বাম পায়ের খেলোয়াড় হওয়ায় মেসির সঙ্গে তার নিয়মিত তুলনা করা হচ্ছে, যা এনরিকে মানতে নারাজ।
একসময় বার্সেলোনায় মেসির কোচ থাকা এনরিকে মনে করেন, সর্বকালের সেরা খেলোয়াড় মেসির সঙ্গে অন্য কারও তুলনা করাটা অন্যায্য। তিনি সাংবাদিকদের বলেন, লামিন নিজের একটি আলাদা পরিচয় গড়ে তুলতে চায় এবং সে বেশ বুদ্ধিমান। সর্বকালের সেরা খেলোয়াড় মেসির ছায়ায় থাকা তার জন্য মোটেও সঠিক নয়। এনরিকে মনে করেন, অন্যের সঙ্গে নিজেকে না মিলিয়ে লামিনের উচিত নিজের সেরা রূপটা ফুটিয়ে তোলা।
বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার মুখোমুখি হবে পিএসজি। এই ম্যাচের আগে এনরিকে স্বীকার করেছেন যে, ইয়ামাল তাদের দলের জন্য বড় হুমকি। তরুণ এই খেলোয়াড়কে আটকানোর উপায় হিসেবে তিনি বার্সেলোনার পায়ে বল কম রাখা বা বল দখল কেড়ে নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন। তবে হ্যান্সি ফ্লিকের দলের বিপক্ষে এটি সহজ কাজ নয় বলেও তিনি মন্তব্য করেন।
৫৬ বছর বয়সী এই কোচ আরও বলেন, শুধু ইয়ামালকে নিয়ে চিন্তিত থাকলেই হবে না, কারণ বার্সেলোনার পুরো দলই মানসম্পন্ন। তাই পিএসজির খেলোয়াড়দের নিজেদের শক্তির ওপর ভরসা রেখে সম্মিলিতভাবে খেলার পরামর্শ দিয়েছেন তিনি।

















