পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফলাফল আইসিসির হালনাগাদ র্যাংকিংয়ের চিত্রে বড় ধরনের পরিবর্তন এনেছে। মাত্র তিন দিনের ব্যবধানে র্যাংকিংয়ে দুই ধাপ পিছিয়ে গেছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। হ্যারি ব্রুকের নেতৃত্বাধীন দলটিকে টপকে দুর্দান্ত উন্নতি করেছে আফগানিস্তান ও শ্রীলঙ্কা।
ইংল্যান্ড তাদের ছন্দ বজায় রাখতে ব্যর্থ হয়েছে পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে। পাকিস্তানের কাছে হারের পর রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ৪২৯ রানের বিশাল সংগ্রহ গড়েও জয় পায়নি ইংলিশরা। সেই রোমাঞ্চকর ম্যাচে জয় তুলে নিয়েই ইংল্যান্ডকে পেছনে ফেলে র্যাংকিংয়ের ষষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছে শ্রীলঙ্কা।
অন্যদিকে, শারজায় অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের ফাইনালে জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে আফগানিস্তান। এই দুর্দান্ত সাফল্যের সুবাদে এক ধাপ এগিয়ে র্যাংকিংয়ের সপ্তম স্থানে উঠে এসেছে আফগানরা। অন্যদিকে, টানা পরাজয়ের কারণে দুই ধাপ পিছিয়ে অষ্টম স্থানে নেমে গেছে ইংল্যান্ড।
র্যাংকিংয়ে শীর্ষ তিন দলের অবস্থানের পরিবর্তন হলেও পয়েন্টের ব্যবধান খুবই সামান্য, যা লড়াইয়ের তীব্রতাকে নির্দেশ করে। বর্তমানে ষষ্ঠ স্থানে থাকা শ্রীলঙ্কার রেটিং পয়েন্ট ৯৫, সপ্তম স্থানে থাকা আফগানিস্তানের ৯৪ এবং অষ্টম স্থানে থাকা ইংল্যান্ডের রেটিং পয়েন্ট ৯৩। অর্থাৎ, মাত্র ২ রেটিং পয়েন্টের ব্যবধানে অবস্থান করছে এই তিন দল।
শারজার ত্রিদেশীয় সিরিজের ফাইনালে খেলা জিম্বাবুয়ে টুর্নামেন্ট জুড়ে ভালো পারফরম্যান্সের সুবাদে তাদের রেটিং পয়েন্ট ২ বাড়িয়ে ৬৩-তে উন্নীত করেছে এবং তারা বর্তমানে ১১তম স্থানে অবস্থান করছে।
তবে র্যাংকিংয়ের শীর্ষ পাঁচ দলের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। ১১৫ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে ভারত। ১০৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে নিউজিল্যান্ড। এছাড়া তালিকার পরের স্থানগুলোতে রয়েছে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা (১০৪), পাকিস্তান (১০৩) এবং অস্ট্রেলিয়া (১০২)।

















