রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার চন্দনী এলাকায় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় নুর আলম (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। রোববার সকালে এই মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত নুর আলম কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার পাইপাড়া এলাকার সুতাইল গ্রামের সাকাউল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী একটি বাস চন্দনী বাসস্ট্যান্ড এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নুর আলম ঘটনাস্থলেই প্রাণ হারান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেল চালকের মরদেহ উদ্ধার করেছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

















