ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার বাংলাদেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। রবিবার (১২ জুলাই) ট্রাইব্যুনালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি স্পষ্টভাবে বলেন, শেখ হাসিনা দেশে পা রাখার সঙ্গে সঙ্গেই তাকে প্রচলিত আইন অনুযায়ী গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে।
চিফ প্রসিকিউটর আরও জানান, বর্তমানে শেখ হাসিনা ভারত সরকারের নিয়ন্ত্রণে রয়েছেন। তাই তিনি যদি বাংলাদেশে ফিরতে চান, তবে তাকে অবশ্যই বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ করতে হবে।
ট্রাইব্যুনালে চলমান বিভিন্ন মামলার অগ্রগতির বিষয়ে কথা বলতে গিয়ে মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হওয়া হত্যাকাণ্ডের মামলার তদন্ত সম্পন্ন হয়েছে। আগামী ২১ জুলাই এই মামলার তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দেওয়া হবে। এছাড়া ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানকে কেন্দ্র করে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের প্রধান ১০টি মামলার তদন্তও চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং শিগগিরই সেগুলোর প্রতিবেদনও ট্রাইব্যুনালে দাখিল করা হবে।

















