চ্যাম্পিয়নস ট্রফি হকি টুর্নামেন্টে পরাজয়ের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ। শুক্রবার ভারতের পাঞ্জাবের জলন্ধরের সুরজিৎ হকি স্টেডিয়ামে লাল-সবুজের প্রতিনিধিরা মালয়েশিয়ার কাছে ৬-১ গোলের বড় ব্যবধানে পরাজিত হয়েছে। পুরো ম্যাচেই মালয়েশিয়া তাদের আধিপত্য বজায় রেখে খেলেছে।
ম্যাচের শুরুর ১৪তম মিনিটে ফিল্ড গোলের মাধ্যমে আবু কামাল আজরাই মালয়েশিয়াকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন। এরপর ২২তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে নিজের দ্বিতীয় এবং দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন তিনি। ম্যাচের ২৬তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে আমিরুল ইসলাম বাংলাদেশের হয়ে একটি গোল শোধ করলে ম্যাচে ফেরার সম্ভাবনা জাগে। তবে তিন মিনিট পরই অর্থাৎ ২৯তম মিনিটে আখিমুল্লাহ আনোয়ার পেনাল্টি কর্নার থেকে গোল করে মালয়েশিয়ার ব্যবধান ৩-১ করেন।
দ্বিতীয়ার্ধেও মালয়েশিয়ার দাপট অব্যাহত ছিল। তৃতীয় কোয়ার্টারে ৩২তম মিনিটে আজিমউদ্দিন কামারুদ্দিন পেনাল্টি কর্নার থেকে স্কোরলাইন ৪-১ করেন এবং এর ঠিক পরের মিনিটে অর্থাৎ ৩৩তম মিনিটে শেলো সিলভেরিয়াস একটি চমৎকার ফিল্ড গোল করে ব্যবধান ৫-১ এ নিয়ে যান। ম্যাচের ৫০তম মিনিটে আয়মান রোজেমি পেনাল্টি কর্নার থেকে আরও একটি গোল করলে বাংলাদেশের বড় পরাজয় নিশ্চিত হয়।
টুর্নামেন্টের শুরু থেকেই বাংলাদেশ জয়হীন রয়েছে। এর আগে স্বাগতিক ভারতের কাছে ১৩-০ গোলের বিশাল ব্যবধানে হারের পর নিজেদের দ্বিতীয় ম্যাচে জাপানের কাছে ১-০ গোলে হেরেছিল বাংলাদেশ। গ্রুপ পর্বে নিজেদের বাকি দুটি ম্যাচে বাংলাদেশ ১ নভেম্বর দক্ষিণ কোরিয়া এবং ২ নভেম্বর চীনের মুখোমুখি হবে। এরপর ৪ নভেম্বর দলটি পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে মাঠে নামবে।

















