ইসলামি সমাজ বিশ্লেষণ একটি তাওহিদভিত্তিক বিশ্বদৃষ্টির ওপর প্রতিষ্ঠিত। এটি কেবল বাহ্যিক সামাজিক গঠন বা অর্থনৈতিক ও রাজনৈতিক কাঠামোর পর্যালোচনায় সীমাবদ্ধ নয়, বরং সমাজের অন্তর্নিহিত নৈতিক, আধ্যাত্মিক ও কসমিক মাত্রাকেও গুরুত্ব দেয়। আধুনিক সমাজবিজ্ঞান যেখানে বস্তুগত উপাদান ও ইতিহাসনির্ভর আচরণ কাঠামোর ওপর জোর দেয়, ইসলামি দৃষ্টিভঙ্গি সেখানে ঈমান, আখলাক এবং কল্যাণী ভূমিকার আলোকে মানুষের সামাজিক সম্পর্ক ও আচরণকে মূল্যায়ন করে। ইবনে খালদুনের ‘আসাবিইয়াহ’ বা শাহ ওয়ালিউল্লাহর ‘ইরতিফাকাত’ তত্ত্বের মতো ঐতিহাসিক চিন্তাধারা ইসলামি সমাজ বিশ্লেষণের অন্তঃপ্রবাহ তৈরি করেছে, যার মূল লক্ষ্য দুনিয়া ও আখেরাতের পরিপূর্ণ কল্যাণ।
এই বিশ্লেষণের প্রথম স্তম্ভ হলো ঈমানভিত্তিক দৃষ্টিভঙ্গি, যার কেন্দ্রে রয়েছে তাওহিদ বা আল্লাহর সার্বভৌমত্ব। রিসালাতের মাধ্যমে প্রাপ্ত হিদায়াত এবং আখেরাতের জবাবদিহিতার চেতনা সমাজের প্রতিটি স্তরে নৈতিক দায়িত্ববোধ তৈরি করে। ইসলামি দৃষ্টিতে মানুষ কেবল সামাজিক প্রাণী নয়, বরং আল্লাহর খলিফা বা প্রতিনিধি। মার্কসীয় শ্রেণি সংগ্রামের বিপরীতে এখানে মানব আচরণের মাপকাঠি হলো নৈতিক আত্মজিজ্ঞাসা ও আধ্যাত্মিক দায়বদ্ধতা। দ্বিতীয় স্তম্ভ হিসেবে শরিয়াহর আনুগত্য ও প্রতিপালন ব্যক্তিকে আত্মিক, পারিবারিক ও রাজনৈতিক জীবনে ন্যায় ও ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।
ইসলামি সমাজ ব্যবস্থায় জাতীয়তা বা বর্ণের চেয়ে ঈমানভিত্তিক উম্মাহর ধারণা প্রধান। ইসলামি সমাজ বিশ্লেষণে সামাজিক উত্থান-পতনের কারণ কেবল বাহ্যিক অর্থনৈতিক বা রাজনৈতিক ঘটনাক্রমে নির্ধারিত হয় না, বরং নৈতিক ও আধ্যাত্মিক স্থিতি দ্বারা নিয়ন্ত্রিত। কোরআন স্পষ্ট বলেছে, ‘আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরাই নিজেদেরকে পরিবর্তন করে।’ (সুরা রাদ : ১১)। একজন মুসলিমের আচরণ বিশ্লেষণ করার জন্য পাঁচটি আন্তঃসম্পর্কিত স্তর রয়েছে:
১. ঈমানি স্তর : এই স্তরটি হলো সব আচরণের ভিত্তি। একজন মুসলিমের সমস্ত কর্ম ও বর্জন ঈমানের দ্বারা অনুপ্রাণিত হওয়া উচিত। ঈমান শুধু মুখের উচ্চারণ নয়, বরং অন্তরের গভীরে প্রোথিত এক জীবন্ত প্রেরণা যা আল্লাহর অস্তিত্ব, তাওহিদ, ফেরেশতা, নবী, আখেরাত, কিতাব ও তাকদিরে বিশ্বাসের মাধ্যমে বাস্তবায়িত হয়।
২. আখলাকি স্তর : ঈমানের ফল স্বরূপ মানুষের অন্তর ও চেতনায় গঠিত হয় এক বিশেষ ধরণের চরিত্র- যা নিয়ন্ত্রণ করে তার ভাষা, প্রবণতা, ক্ষোভ, লোভ, ক্ষমা, ধৈর্য ও নম্রতাকে। এই স্তরে মূল্যায়ন করা হয় আচরণীয় বাস্তবতাকে; আত্মনিয়ন্ত্রণ, সদাচরণ ও আত্মশুদ্ধির মাত্রাকে।
৩. শররি স্তর : এই স্তরে আচরণের বিধি ও সীমার বিচার হয় ইসলামের শরিয়তের আলোকেই। অর্থাৎ কোনো কিছু ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুবাহ, হারাম, মাকরুহ বা নাজায়েজ- এরূপ শররি অবস্থান থেকে আচরণ বিশ্লেষণ করা হয়। এতে ব্যক্তির লিপ্ততা-অলিপ্ততার নানা মাত্রা তার আচরণ বিচারের পথ দেখাবে।
৪. উরফি স্তর : উরফ সমাজের প্রচলিত রীতিনীতিকে বোঝায়, যা শরিয়তের সীমার ভেতরে থাকলে গ্রহণযোগ্য। এই স্তর আমাদের জানায়, ব্যক্তি বা সমাজ ঐতিহ্যগত, সাংস্কৃতিক বা আঞ্চলিক অভ্যাস কতটা শরিয়তের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
৫. ইজতিমায়ি-মায়াশি স্তর : এটি বাস্তব জীবনের প্রেক্ষাপটে আবর্তিত। যা সামাজিক কাঠামো, অর্থনৈতিক জীবন, বৈষম্য ও জীবনসংগ্রাম, রাজনৈতিক অবস্থা, শিক্ষাগত পরিস্থিতি ইত্যাদিকে অবলোকন করে- যার প্রভাব পড়ে ব্যক্তির আচরণে। দারিদ্র, নিরাপত্তাহীনতা, বঞ্চনা মানুষকে সঠিক পথ থেকে বিচ্যুত করতে চাইবে। কিন্তু ব্যক্তি ও সমাজের আচরণীয় সঠিকতা বজায় রাখা এই স্তরের লক্ষ্য।
মুসলিম সমাজে বিভিন্ন স্তরের মানুষের আচরণ বিদ্যমান থাকলেও তাদের স্থায়ী বা নিরঙ্কুশভাবে বর্গীকরণ করা ইসলামি জ্ঞানব্যবস্থায় গ্রহণযোগ্য নয়। র্যান্ড করপোরেশনের মতো পশ্চিমা শ্রেণিবিন্যাস মুসলিম সমাজের জন্য একটি চরম ভাঙনের প্রকল্প হিসেবে কাজ করছে। এই অশুভ প্রভাব থেকে মুক্তি পেতে ইসলামের নিজস্ব ভাষা ও দর্শনের আলোকে সমাজ বিশ্লেষণ জরুরি। আমাদের প্রয়োজন এমন এক গাঠনিক ভাষা তৈরি করা, যার শিকড় তাওহিদে প্রোথিত এবং যা নবুয়্যতের হিদায়াত ও সালাফের ক্রমধারায় পরিচালিত হবে।

















