পিরোজপুরের মঠবাড়িয়ায় যথাযথ ধর্মীয় মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মঠবাড়িয়া শাখার আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। কেন্দ্রীয় হরিসভা মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এই র্যালিটি বিভিন্ন বাদ্যযন্ত্র ও ধর্মীয় স্লোগানে মুখরিত হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে পুনরায় কেন্দ্রীয় হরিসভা মন্দির প্রাঙ্গণে ফিরে এসে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা শ্রীকৃষ্ণের জীবনাদর্শ, ধর্মীয় মূল্যবোধ এবং মানবকল্যাণমূলক শিক্ষার ওপর বিস্তারিত আলোচনা করেন। সেই সঙ্গে সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য অটুট রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
উক্ত আয়োজনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি রতন কর্মকার, সাধারণ সম্পাদক পংকজ সাওজাল, মঠবাড়িয়া মন্দির মাঠ-শ্মশান সংস্কার ও উন্নয়ন কমিটির আহ্বায়ক জীবন কৃষ্ণ সাওজাল শিবু এবং সদস্য সচিব সুমন্ত হাওলাদার সুমন উপস্থিত ছিলেন। এছাড়া হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি কাজল দাস ও সাধারণ সম্পাদক পার্থ রঞ্জন বেপারী এবং হিন্দু খ্রিষ্টান বৌদ্ধ কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক প্রভাষক রঞ্জন পাইক, সদস্য সচিব দেবাশীষ চৌধুরী, বাদল কৃষ্ণ হালদার টুটুন ও প্রতিম রায় সুমনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

















