শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, নীতিগত চিন্তাভাবনা, নেতৃত্বের বিকাশ এবং ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রস্তুতির লক্ষ্য নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ক্যারিয়ার-ভার্স। সংগঠনটি গত এক বছর ধরে নানা কার্যক্রম পরিচালনার পর ২০২৬-২০২৭ মেয়াদের জন্য তাদের প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে। নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী আইরিন আক্তার লাবণ্য এবং সাধারণ সম্পাদক হয়েছেন অর্থনীতি বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থী মোবাশ্বির রহমান।
জানা যায়, পলিসি হ্যাকাথন ২০২৫-এর চ্যাম্পিয়ন দলের হাত ধরে ক্যারিয়ার-ভার্সের এই উদ্যোগের সূচনা হয়। ইয়ুথ ফর পলিসি (YfP) ও ইনস্টিটিউট ফর ইনফর্মড ডেভেলপমেন্টের (IID) সঙ্গে সম্পৃক্ত এই প্ল্যাটফর্মটি গত এক বছর ধরে নিয়মিত বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি ও নীতিনির্ধারণী বিষয়ে সচেতন করার কাজ করছে। গতানুগতিক ক্যারিয়ার ক্লাবের গণ্ডি পেরিয়ে সংগঠনটি শিক্ষার্থীদের পেশাগত দক্ষতার পাশাপাশি সমস্যা সমাধান, সৃজনশীল চিন্তা ও নেতৃত্বের সক্ষমতা বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব দিচ্ছে।
নতুন দায়িত্ব পাওয়া প্রসঙ্গে সভাপতি আইরিন আক্তার লাবণ্য বলেন, এটি তার জন্য আনন্দের পাশাপাশি বড় একটি দায়িত্ব। তিনি জানান, শিক্ষার্থীরা যাতে কেবল প্রচলিত চাকরির প্রস্তুতির মধ্যেই সীমাবদ্ধ না থেকে নিজেদের সুপ্ত সম্ভাবনা ও চিন্তাশক্তি বিকশিত করতে পারে, সে লক্ষ্যে তারা কাজ করবেন।
সাধারণ সম্পাদক মোবাশ্বির রহমান বলেন, একটি কার্যকর ও অংশগ্রহণমূলক প্ল্যাটফর্ম গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য। তিনি আরও জানান, শিক্ষার্থীদের বাস্তবমুখী দক্ষতা অর্জন ও পেশাগত সম্ভাবনা সম্পর্কে সচেতন করার জন্য তারা নিয়মিত বিভিন্ন আয়োজন করবেন, যেখানে শিক্ষার্থীদের নতুন ধারণাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, নীতিগত চিন্তাভাবনা, নেতৃত্বের বিকাশ এবং ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতিতে কাজ করার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে ক্যারিয়ার-ভার্স, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) চ্যাপ্টার। এক বছর ধরে বিভিন্ন কার্যক্রম পরিচালনার পর সংগঠনটির ২০২৬–২০২৭ মেয়াদের প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

















