শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি নেতৃত্ব, শৃঙ্খলা ও দেশপ্রেমের মতো গুণাবলি অর্জনের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে ছয় দিনব্যাপী ‘৩য় আঞ্চলিক কাব ক্যাম্পুরি-২৬’। বাংলাদেশ স্কাউটস, দিনাজপুর অঞ্চলের উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পুরি ৪ নভেম্বর শুরু হয়েছে এবং চলবে ৯ নভেম্বর পর্যন্ত। এবারের ক্যাম্পুরির মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘নীল আকাশ, সবুজ বন, স্কাউটিংয়ে গড়ি জীবন’।
বুধবার ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত তথ্য জানান বাংলাদেশ স্কাউটস, দিনাজপুর অঞ্চলের আঞ্চলিক কমিশনার ও ক্যাম্পুরির ক্যাম্প চিফ মো. আখতারুজ্জামান। তিনি জানান, রংপুর বিভাগের আটটি জেলা—দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী ও গাইবান্ধা থেকে ১৩০টি ইউনিটের প্রায় ১ হাজার ২০০ কাব স্কাউট, গার্ল-ইন-কাব স্কাউট, ইউনিট লিডার ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা এই আয়োজনে অংশ নিচ্ছেন।
অংশগ্রহণকারী শিশুদের জন্য ক্যাম্পুরিতে ১০টি চ্যালেঞ্জভিত্তিক স্কাউটিং কার্যক্রমের ব্যবস্থা রাখা হয়েছে। এসব কার্যক্রম সুচারুভাবে পরিচালনার জন্য দুটি ভিলেজ ও চারটি সাব-ক্যাম্প স্থাপন করা হয়েছে। শিশুদের আবাসন, খাবার, সুপেয় পানি, স্যানিটেশন, স্বাস্থ্যসেবা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আয়োজক কমিটি এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এই আয়োজনে জেলা প্রশাসন, পুলিশ, ফায়ার সার্ভিস, জেলা পরিষদ, পৌরসভা, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং ব্যবসায়ী সংগঠনগুলো সার্বিক সহযোগিতা প্রদান করছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ক্যাম্পুরির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়া মহাতাঁবুজলসা ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন রংপুরের বিভাগীয় কমিশনার মো. জাহাঙ্গীর আলম। আয়োজকদের প্রত্যাশা, এই ক্যাম্পুরির মাধ্যমে শিশুদের মধ্যে নেতৃত্বগুণ, শৃঙ্খলা, আত্মনির্ভরশীলতা, পরোপকারিতা ও পরিবেশ সচেতনতা বৃদ্ধি পাবে এবং তারা ভবিষ্যতে দক্ষ, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে অনুপ্রাণিত হবে।

















