সরকারি কর্মচারীদের বেতন গ্রেড ও বিভিন্ন ভাতা পর্যালোচনার লক্ষ্যে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে আহ্বায়ক করে ছয় সদস্যের এই কমিটি গঠন করেছে সরকার। গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয় এবং একই দিনে প্রকাশিত গেজেটে বিষয়টি জানানো হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন (বকুল) এবং জনপ্রশাসন খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি কর্মচারীদের বেতনস্কেলের বিভিন্ন অসংগতি নিয়ে পাওয়া অভিযোগ পর্যালোচনা করে সেগুলো নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় সুপারিশ করবে এই কমিটি। এছাড়া ভবিষ্যতে বেতন গ্রেড উন্নীতকরণ, অবনমন ও সামঞ্জস্য বিধানের বিষয়েও তারা সুপারিশ প্রদান করবে। একই সঙ্গে ঝুঁকিভাতা ও অন্যান্য ভাতা নতুন করে চালু করা, বিদ্যমান ভাতার হার হ্রাস বা বৃদ্ধি এবং এ-সংক্রান্ত অন্যান্য বিষয় পর্যালোচনা করার দায়িত্বও দেওয়া হয়েছে কমিটিকে।
কমিটির কার্যক্রম পরিচালনায় মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বা সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, অর্থ বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা প্রয়োজনীয় সহায়তা প্রদান করবেন। প্রয়োজনে কমিটি নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে। এছাড়া কমিটির সভা প্রয়োজন অনুযায়ী অনুষ্ঠিত হবে এবং অর্থ বিভাগ কমিটিকে সাচিবিক সহায়তা দেবে।

















