ঢাকার আশুলিয়ার পোশাকশিল্প এলাকায় আবারও বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৮টার দিকে শ্রমিকরা নিজ নিজ কারখানায় প্রবেশ করে কার্ড পাঞ্চের মাধ্যমে হাজিরা নিশ্চিত করেন। এরপরই তারা কর্মস্থল থেকে বেরিয়ে এসে বিক্ষোভে অংশ নেন এবং আশপাশের কারখানার শ্রমিকদেরও আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান।
শ্রমিকদের দাবি, আগামী ডিসেম্বরে মজুরি বাড়ানোর কথা থাকলেও এখন পর্যন্ত কত টাকা বাড়ানো হবে তা নির্দিষ্ট করা হয়নি। এই অনিশ্চয়তা থেকেই তাদের মধ্যে অসন্তোষ দানা বেঁধেছে। একপর্যায়ে শ্রমিকরা আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কে অবস্থান নিলে যান চলাচল ব্যাহত হয়। উদ্ভূত পরিস্থিতিতে শিল্পাঞ্চলের অন্তত ৭০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
সাভার শিল্পাঞ্চলে বুধবার সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনার পর বর্তমানে পরিস্থিতি তুলনামূলক শান্ত থাকলেও নতুন করে বিক্ষোভের আশঙ্কায় এলাকায় পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভুঁইয়া জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

















