দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়া, পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ভুল এবং সামগ্রিক প্রশ্নের মান নিয়ে ক্ষোভ জানিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ ও সমাবেশের আড়ালে একটি মহল ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আন্দোলনরত শিক্ষার্থীদের পেছনে অন্য কোনো গোষ্ঠীর সম্পৃক্ততা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারকে বিব্রত করতে চায় এমন কিছু মহল সবসময়ই সক্রিয় থাকে। বিভিন্ন ইস্যুতে নিজেদের পরিচয় গোপন রেখে তারা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে, যা এখন দৃশ্যমান। তিনি আরও দাবি করেন, যারা আন্দোলন করছে তাদের অনেকেরই প্রকৃত শিক্ষার্থী বা পরীক্ষার্থী হওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি।
শিক্ষার্থীদের দাবির বিষয়ে সরকার ও শিক্ষা মন্ত্রণালয় অবগত রয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে যেসব শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে ব্যর্থ হয়েছে, তাদের পরবর্তীতে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে। এছাড়া পদার্থবিজ্ঞান বিষয়ের দুটি প্রশ্ন ভুল হওয়ার বিষয়টি স্বীকার করে তিনি জানান, শিক্ষা মন্ত্রণালয় এ নিয়ে তদন্ত করবে এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। ওই দুটি প্রশ্নের নম্বর যুক্ত করার ঘোষণা দেওয়ায় পরীক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেছে। এরপরও যারা পরবর্তী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি, তাদের চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা চলাকালীন সুযোগ দেওয়া হবে বলে তিনি জানান।
শিক্ষামন্ত্রীর একটি মন্তব্যের কারণে অনেকে দুঃখ পেয়েছেন এবং এজন্য তিনি সংসদে দুঃখ প্রকাশ করেছেন বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। যারা সরকারকে বিব্রত করতে চাচ্ছে তাদের প্রতি কোনো বার্তা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, সরকার এসব বিষয়কে খুব একটা গুরুত্ব দিচ্ছে না। ঢাকায় এবং দু-একটি জেলায় কিছু মানুষ এসব নিয়ে কথা বললেও তাদের সংখ্যা খুবই নগণ্য। বিষয়টি গণমাধ্যমে আসার কারণে কিছুটা গুরুত্ব পেয়েছে, তবে এগুলোতে সরকার মনোযোগ দিচ্ছে না বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ কথা জানান।

















