প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী কিশোর-কিশোরীদের প্রতিভা অন্বেষণমূলক কার্যক্রম ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর সমাপনী অনুষ্ঠানে যোগদান করেছেন। সোমবার (২৭ জুলাই) বিকেল ৪টায় রাজধানীর আর্মি স্টেডিয়ামে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর আগমনের সঙ্গে সঙ্গে গ্যালারিতে উপস্থিত হাজারো শিশু-কিশোর করতালির মাধ্যমে তাকে উষ্ণ অভ্যর্থনা জানায়।
সমাপনী দিনে ফুটবল ইভেন্টের বালক ও বালিকা বিভাগের দুটি ফাইনাল এবং বালক ও বালিকাদের ১০০ মিটার স্প্রিন্টের দুটি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৩টায় অনুষ্ঠিত বালকদের ফুটবল ফাইনালে সিলেট অঞ্চল ২-০ গোলে ময়মনসিংহ অঞ্চলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এরপর বালিকাদের ফুটবল ফাইনালে মুখোমুখি হয় রাজশাহী ও রংপুর অঞ্চল।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রথমে মাঠে নেমে খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পরে গ্যালারির সামনে গিয়ে উপস্থিত শিশু-কিশোরদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
খেলা শুরুর পর প্রধানমন্ত্রী কিছু সময় ভিআইপি গ্যালারিতে অবস্থান করেন এবং পরবর্তীতে মাঠের পাশে গিয়ে খেলা উপভোগ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, সমাজকল্যাণ ও মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন, সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান এবং বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে ১২ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীদের সুপ্ত প্রতিভা বিকাশ এবং খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে গত ২ মে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’ কার্যক্রমটি শুরু হয়েছিল। প্রতিযোগিতার উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যা সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল।
এবারের আসরে ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার ও মার্শাল আর্ট—এই আটটি ইভেন্ট অন্তর্ভুক্ত ছিল। প্রধানমন্ত্রী বিকেল ৫টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়ার কথা রয়েছে।

















