রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সেবার মান উন্নয়ন এবং জনবল সংকট নিরসনে সরকার বিশেষ বরাদ্দ রেখেছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে এক আলোচনা সভা শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। এর আগে, সকাল সাড়ে ১১টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আসেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবীব দুলু এবং তিনি ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সাথে প্রায় ৪ ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক করেন। তিনি উল্লেখ করেন, অনেক জেলায় ২৫০ শয্যার হাসপাতাল নির্মিত হলেও জনবলের অভাবে তা চালু করা সম্ভব হচ্ছে না, তবে সরকার দ্রুত জনবল নিয়োগের মাধ্যমে এই সংকট কাটিয়ে ওঠার উদ্যোগ নিয়েছে।
মন্ত্রী বলেন, গত ১৭ বছরে স্বাস্থ্যখাতসহ দেশের প্রতিটি স্তরে অব্যবস্থাপনা ও দুর্নীতি ছিল। রংপুরের সন্তান হিসেবে হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় তিনি এর উন্নয়নে সাধ্যমতো কাজ করার প্রতিশ্রুতি দেন। আগামী দুই মাসের মধ্যে হাসপাতালে আরও ১০টি আইসিইউ শয্যা যুক্ত করে মোট ২০টিতে উন্নীত করা হবে। এছাড়া রোগীর সাথে একজন এটেনডেন্টের থাকার সুবিধা নিশ্চিত করা এবং এনেসথেশিয়ার অভাবে সৃষ্ট অপারেশন জটিলতা নিরসনে প্রয়োজনীয় ঔষধ সরবরাহের আশ্বাস দেন তিনি।
নিরাপত্তা নিশ্চিত করতে আগামী এক মাসের মধ্যে হাসপাতালে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং এক সপ্তাহের মধ্যে পুরো ক্যাম্পাস আলোকিত করার ঘোষণা দেন মন্ত্রী। সিটি করপোরেশনের সহায়তায় হাসপাতাল প্রাঙ্গণের জলাবদ্ধতা দূর ও অবৈধ স্থাপনা উচ্ছেদের কথাও জানান তিনি। বর্তমানে আউটসোর্সিং জনবল দিয়ে সেবা প্রদানে সীমাবদ্ধতা থাকায় রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে ১০ জন, রংপুর-৩ আসনের এমপির পক্ষ থেকে ৫ জনসহ জেলার গণ্যমান্য ব্যক্তিদের আর্থিক সহযোগিতায় ৫০ জন আউটসোর্সিং জনবল নিয়োগের পরিকল্পনা করা হয়েছে। এছাড়া দালাল ও ট্রলি সিন্ডিকেট রোধে কর্মচারীদের পরিচয়পত্র ও নির্ধারিত পোশাক বাধ্যতামূলক করা হয়েছে।
অ্যাম্বুলেন্স সিন্ডিকেট ভাঙতে মাইলেজ অনুযায়ী ভাড়া নির্ধারণ ও হাসপাতালের তালিকাভুক্তির প্রক্রিয়া শুরু হবে। ১৫ তলা বিশিষ্ট ৪৬০ শয্যার ক্যান্সার, কিডনি ও হৃদরোগ বিভাগের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করতে গণপূর্ত অধিদপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে। অকেজো যন্ত্রপাতি নিলামে বিক্রির ব্যবস্থাও করা হবে। পরিদর্শনকালে মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন, রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি, রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন, জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলামসহ অন্যরা। এর আগে মন্ত্রী হাসপাতালের ১৪ নম্বর ওয়ার্ড পরিদর্শন করেন এবং নগরীর জিলা খাল ও কেডি খাল এলাকা ঘুরে দেখেন।
জনবল সংকট মোকাবিলা নিয়ে আসাদুল হাবিব বলেন, বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আউটসোর্সিং হিসেবে ১২৪ জন জনবল রয়েছে।

















