নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনের ‘আউটরিচ’ পর্বে অংশগ্রহণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে এই আমন্ত্রণপত্র নিয়ে সৃষ্ট বিতর্ক ও এ সংক্রান্ত প্রশ্নের সরাসরি কোনো জবাব দেননি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। শুক্রবার নয়াদিল্লিতে আয়োজিত মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে বিষয়টি নিয়ে সাংবাদিকরা প্রশ্ন তুললে তিনি এড়িয়ে যান।
ব্রিফিংয়ে একজন সাংবাদিক উল্লেখ করেন যে, বাংলাদেশ থেকে বিষয়টি নিয়ে আপত্তি জানানো হয়েছে। অভিযোগ রয়েছে, আমন্ত্রণপত্রে তারেক রহমানকে ‘প্রধানমন্ত্রী’ হিসেবে সম্বোধন না করে ‘বিমসটেকের চেয়ার’ হিসেবে উল্লেখ করা হয়েছে, যা অনেকের কাছে অপমানজনক মনে হয়েছে। এ বিষয়ে জানতে চাওয়া হলে রণধীর জয়সোয়াল বলেন, ব্রিকস সম্মেলন আয়োজনের প্রস্তুতি নিয়ে তারা ব্যস্ত আছেন। আমন্ত্রণ সংক্রান্ত কারিগরি বিষয়গুলোতে পরে হালনাগাদ তথ্য জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।
একই ব্রিফিংয়ে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গরের সাম্প্রতিক বাংলাদেশ সফর নিয়ে প্রশ্ন করা হলে মুখপাত্র বলেন, এটি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বিষয়, তাই এর উত্তর সংশ্লিষ্ট দেশগুলোর দূতাবাস বা সরকারের পক্ষ থেকে আসা উচিত। এছাড়া ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের মধ্যে বৈঠক হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি জানান, এই সাক্ষাতের বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই। তবে তথ্য পাওয়া মাত্রই তা জানানো হবে বলে তিনি আশ্বাস দেন।

















