দেশে জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন ও নিরাপদ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে সরকার ‘বেসরকারি পর্যায়ে পরিশোধিত জ্বালানি আমদানিপূর্বক সংরক্ষণ, পরিবহন, বিতরণ ও বিপণন নীতিমালা, ২০২৬’-এর একটি খসড়া প্রণয়নের উদ্যোগ গ্রহণ করেছে। এই প্রস্তাবিত নীতিমালা নিয়ে সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যে অনুমাননির্ভর ও অসত্য তথ্য ছড়ানো হচ্ছে, তা অনভিপ্রেত বলে জানিয়েছে জ্বালানি বিষয়ক মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে স্পষ্ট করা হয়েছে যে, প্রস্তাবিত এই নীতিমালার মাধ্যমে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা দেয়ার কোনো সুযোগ নেই। নীতিমালাটি প্রণয়নের মূল উদ্দেশ্য হলো দেশের জ্বালানি নিরাপত্তা সুসংহত করা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ ব্যবস্থা বজায় রাখা। এর মাধ্যমে জাতীয় স্বার্থে জরুরি বা সংকটকালীন পরিস্থিতিতে সরকারি ব্যবস্থার পাশাপাশি বেসরকারি খাতের অবকাঠামো ও বিনিয়োগ সক্ষমতাকে কাজে লাগানোর একটি স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক কাঠামো তৈরি করা হবে।
মন্ত্রণালয় জানিয়েছে, জ্বালানি খাত সংশ্লিষ্ট সকল অংশীজনের পরামর্শ ও মতামত গ্রহণের মাধ্যমেই নীতিমালাটি চূড়ান্ত করা হবে। জনস্বার্থ, জ্বালানি নিরাপত্তা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হওয়ার পরেই কেবল এই নীতিমালা বাস্তবায়নের বিষয়টি বিবেচনা করা হবে। এই প্রক্রিয়ায় কোনো গোষ্ঠী বা প্রতিষ্ঠানের জন্য বিশেষ সুবিধা পাওয়ার কোনো অবকাশ নেই। একইসঙ্গে, এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল আচরণ করার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

















