জুডিশিয়াল সার্ভিস পে কমিশনের প্রতিবেদন পর্যালোচনা এবং এ সংক্রান্ত প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের লক্ষ্যে সরকার সাত সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে সভাপতি করে গঠিত এই কমিটিতে সরকারের একাধিক মন্ত্রী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা সদস্য হিসেবে রয়েছেন। মন্ত্রিপরিষদ বিভাগ সম্প্রতি এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটির প্রধান দায়িত্ব হলো জুডিশিয়াল সার্ভিস পে কমিশন-২০২৫-এর প্রতিবেদন পর্যালোচনার মাধ্যমে প্রয়োজনীয় সুপারিশ তৈরি করা। বিশেষ প্রয়োজনে কমিটি যেকোনো নতুন সদস্যকে কো-অপ্ট বা অন্তর্ভুক্ত করতে পারবে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন—স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, অর্থ উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
কমিটির সভা প্রয়োজন অনুযায়ী অনুষ্ঠিত হবে এবং অর্থ বিভাগ সাচিবিক সহায়তা প্রদান করবে। এর আগে গত ২১ এপ্রিল নবম পে স্কেল পর্যালোচনা ও বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় বেতন কমিশন, জুডিশিয়াল সার্ভিস পে কমিশন এবং সশস্ত্র বাহিনী বেতন কমিশন সংক্রান্ত সুপারিশ প্রণয়ন কমিটি পুনর্গঠন করা হয়েছিল। মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বাধীন সেই ১০ সদস্যের কমিটি ‘সচিব কমিটি’ হিসেবেও পরিচিত। নবম জাতীয় বেতন কমিশনে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ১০০ থেকে ১৪০ শতাংশ বাড়ানোর সুপারিশ করা হয়েছিল।
অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, নবম পে স্কেল বাস্তবায়ন সরকারের জন্য অতিরিক্ত আর্থিক চাপের কারণ হয়ে দাঁড়িয়েছে। মধ্যপ্রাচ্য সংকট, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, এলএনজি ও এলপিজি আমদানিতে বাড়তি ব্যয় এবং ডিজেল খাতে ভর্তুকির কারণে সরকারের আর্থিক সক্ষমতায় টান পড়ছে। একই সঙ্গে মূল্যস্ফীতি ও ডলারের দাম বৃদ্ধি পাওয়ায় হাজার হাজার কোটি টাকা বাড়তি ব্যয়ের চ্যালেঞ্জ তৈরি হয়েছে।
তবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সম্প্রতি সচিবালয়ে গণমাধ্যমকে জানিয়েছেন, নবম পে স্কেলের গেজেট প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। মন্ত্রিসভার অনুমোদনের পর নতুন বেতনকাঠামোর প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া শুরু হবে। আইএমএফের ঋণের সঙ্গে নতুন বেতনকাঠামোর কোনো সম্পর্ক নেই বলেও তিনি স্পষ্ট করেছেন। উল্লেখ্য, অষ্টম জাতীয় পে স্কেল ঘোষণার প্রায় এক যুগ পর ২০২৫ সালের জুলাই মাসে নবম জাতীয় বেতন কমিশন সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির প্রতিবেদন জমা দেয়। চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশনেও অর্থমন্ত্রী বেতন বৃদ্ধির বিষয়ে বক্তব্য দিয়েছিলেন।

















