অর্থনীতি

আগস্ট মাসে আরও ৫ কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত সরকারের

প্রতিবেদক
সব খবর

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণ এবং গ্যাস সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখার লক্ষ্যে চলতি আগস্ট মাসে আরও ৫ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই চালানে মোট ১ কোটি ৬০ লাখ মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) এলএনজি আমদানি করা হবে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশনের (পেট্রোবাংলা) পরিচালক (অর্থ) এ কে এম মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, আগস্ট মাসে মোট ৯ কার্গো এলএনজি আমদানির পরিকল্পনা রয়েছে, যার মধ্যে ইতোমধ্যে ৪ কার্গো দেশে পৌঁছেছে। বাকি ৫টি কার্গো চলতি মাসের ১৭, ২১, ২৩, ২৭ ও ৩০ তারিখে ধারাবাহিকভাবে দেশে পৌঁছাবে। এই ৯টি কার্গো মিলিয়ে মোট ২ কোটি ৮৮ লাখ এমএমবিটিইউ এলএনজি সরবরাহ করা হবে। গড়ে প্রতিটি কার্গোতে প্রায় ৩২ লাখ এমএমবিটিইউ এলএনজি থাকে।

এ কে এম মিজানুর রহমান জানান, স্পট মার্কেট, দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি চুক্তির মাধ্যমে এই এলএনজি সংগ্রহ করা হচ্ছে। এর আগে জুলাই মাসে দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি চুক্তি এবং স্পট মার্কেটের আওতায় মোট ১১ কার্গো এলএনজি আমদানি করা হয়েছিল, যার পরিমাণ ছিল প্রায় ৩ কোটি ৫২ লাখ এমএমবিটিইউ।

পেট্রোবাংলার সূত্রমতে, আগস্ট মাসের জন্য দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় ১টি, স্বল্পমেয়াদি চুক্তির আওতায় ৫টি এবং স্পট মার্কেট থেকে ৩টি কার্গো কেনা হয়েছে। উল্লেখ্য, কাতারভিত্তিক কাতার অ্যানার্জি এবং ওমানের ওকিউ ট্রেডিং দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় এলএনজি সরবরাহ করে থাকে। এছাড়া স্বল্পমেয়াদি চুক্তির আওতায় সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ওকিউ ট্রেডিং এলএনজি সরবরাহ করছে। সরকারি ক্রয়সংক্রান্ত কমিটির অনুমোদন সাপেক্ষে সরকার নিয়মিতভাবে স্পট মার্কেট থেকেও এলএনজি সংগ্রহ করে থাকে।

সব খবর