স্বাস্থ্য

নীলফামারীতে সাপের কামড়ে ১০ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রতিবেদক
সব খবর

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় সাপের কামড়ে লুনা (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত লুনা ওই গ্রামের আব্দুর রহিমের (সজির) মেয়ে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দিবাগত রাতে উপজেলার বাহাগিলী ইউনিয়নের নয়ানখাল বৈদ্যপাড়া গ্রামে নিজ শয়নকক্ষে ঘুমন্ত অবস্থায় তার ডান হাতে সাপ কামড় দেয়।

পরিবারের সদস্যরা শুরুতে বিষয়টি বুঝতে পারেননি। রাত আনুমানিক ৩টার দিকে ঘুম থেকে উঠে লুনা হাত ব্যথা করছে বলে জানায়। এ সময় পরিবারের সদস্যরা ধারণা করেন, টিনের বেড়ার কোনো পেরেক হাতের তালুতে লেগে যাওয়ায় ব্যথা হয়েছে। তবে পরে ব্যথা তীব্র হলে দ্রুত লুনাকে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লুনার বাবা আব্দুর রহিম জানান, রাতে মেয়েটি ব্যথা অনুভব করার পর তারা পেরেক লাগার বিষয়টিই অনুমান করেছিলেন, কিন্তু ব্যথা অসহনীয় হয়ে উঠলে হাসপাতালে ছুটে যান। পরিবারের দাবি, মৃত্যুর কিছুক্ষণ পর লুনার হাতের তালু নীল রং ধারণ করলে সাপের কামড়ের বিষয়টি স্পষ্ট হয়।

তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক জানান, সাপের কামড়ের পর দ্রুত হাসপাতালে আনা হলে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হতো। প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুরে রেফার্ড করার সুযোগ থাকত। তবে হাসপাতালে আনার পর জরুরি বিভাগে দেখার সময়ই শিশুটির মৃত্যু হয়েছে।

সব খবর