খেলা

ঈশ্বরদীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট

প্রতিবেদক
সব খবর

পাবনার ঈশ্বরদী উপজেলার মানিকনগর পাঠশালা মোড় সংলগ্ন ঐতিহ্যবাহী কেহেরমান মাঠে গত শুক্রবার (১৪ আগস্ট) এক উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ‘হাফিজুল মহলদার স্মৃতি সংঘ, মানিকনগর-দিয়াড় সাহাপুর’-এর আয়োজনে এই টুর্নামেন্টে স্থানীয় ক্ষুদে ও কিশোর ফুটবলাররা দুটি ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা করে। মাঠজুড়ে দর্শকদের ব্যাপক উপস্থিতি এবং খেলোয়াড়দের নৈপুণ্য পুরো দিনটিকে একটি ফুটবল উৎসবে পরিণত করেছিল।

টুর্নামেন্টের প্রথম ক্যাটাগরিতে ১ম থেকে ৭ম শ্রেণির ফাইনাল ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর টাইব্রেকারে ২-১ গোলে জয়ী হয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ‘টলটলি পাড়া একতা সংঘ’। এই ক্যাটাগরিতে রানার-আপ হয়েছে ‘সলিমপুর কলেজ মোড় স্পোর্টিং ক্লাব, মানিকনগর’। অন্যদিকে, ২য় ক্যাটাগরিতে ৮ম থেকে ১০ম শ্রেণির জাঁকজমকপূর্ণ ফাইনালে রহিমপুর জুনিয়র ফুটবল একাদশকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় ‘রূপপুর নলগাড়ি ফুটবল একাদশ’। টুর্নামেন্টে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করায় হঠাৎ পাড়া একাদশ পাকশির খেলোয়াড় মো. সোহান হোসেনকে সেরা উদীয়মান খেলোয়াড় হিসেবে নির্বাচিত করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সলিমপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান মুকুল। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাহাপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি বরকত আলী মোল্লা এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঈশ্বরদী বাজারের ‘সরদার স্পোর্টস’-এর স্বত্বাধিকারী মো. আলমগীর হোসেন সরদার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ঈশ্বরদী উপজেলা কৃষক দলের সদস্য সচিব মো. মইনুল সরদার, সলিমপুর ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মো. সেলিম হোসেন মন্ডল, সলিমপুর ইউনিয়ন বিএনপি নেতা মো. হাবিবুর রহমান মহলদার, বেঙ্গল পাওয়ার সার্ভিস-এর স্বত্বাধিকারী মো. সামসুল আলম এবং সলিমপুর ইউনিয়ন ৫ নং ওয়ার্ড বিএনপির মো. শাহিন আলম উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পাবনা জেলা কৃষক দলের সদস্য, সলিমপুর ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব ও হাফিজুল মহলদার স্মৃতি সংঘের উপদেষ্টা মো. ওমর শরিফ হানিফ মহলদার এবং স্কিলসেট সলিউশনের ম্যানেজিং ডিরেক্টর ও সংগঠনের উপদেষ্টা মো. সৈকত হোসেন। এছাড়া আয়োজক সংগঠনের সভাপতি মো. নিশান আহম্মেদ, সহ-সভাপতি মো. মোমিনুর ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. রাজিব হোসেন এবং কার্যনির্বাহী সদস্য মো. সাহরিয়ার নাফিজ নাঈম, মো. আরাফাত ইসলাম তারিম ও মো. সাব্বির হাসান আকাশ ফকির উপস্থিত ছিলেন।

সব খবর