রাজধানীর মিরপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী জুঁই (১৫) পায়রা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ৩৩ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সন্ধ্যা ৬টার দিকে বরগুনার তালতলী উপজেলার জয়ালভাঙা এলাকা থেকে স্থানীয়রা তার ভাসমান মরদেহটি উদ্ধার করেন।
জানা গেছে, জুঁই সম্প্রতি ঢাকা থেকে বরগুনা সদর উপজেলার লতাকাটা এলাকায় তার আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিল। রোববার সকালে স্বজনদের সঙ্গে পায়রা নদীতে গোসল করতে নামে সে। সাঁতার না জানা এই কিশোরী জোয়ারের তীব্র স্রোতের কবলে পড়ে নদীর গভীরে তলিয়ে যায়। ওই সময় সঙ্গে থাকা স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন।
পরবর্তীতে সোমবার সন্ধ্যায় নিখোঁজের স্থান থেকে কিছুটা দূরে তালতলীর জয়ালভাঙা নলবুনিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন পায়রা নদীর পাড়ে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি জুঁইয়ের বলে শনাক্ত করেন।
এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাইন পারভেজ জানান, উদ্ধার হওয়া মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

















