দেশে বর্তমানে লাগাতার কনসার্ট বন্ধ করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন এক সাংবাদিক। মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগের প্রেক্ষিতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান তার মতামত তুলে ধরেন। তিনি বলেন, কনসার্ট বন্ধ হচ্ছে ঠিকই, কিন্তু তা লাগাতার হচ্ছে না। এ বিষয়ে তিনি পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, আমরা সবাই একমত যে, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এই ধরনের ঘটনা যত ঘটেছে, তার তুলনায় এখন কিছুই হচ্ছে না।
উপদেষ্টা আরও বলেন, ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশ যে অবস্থায় ছিল, এই সরকারের সময় সেখানে নাটকীয় উন্নয়ন হয়েছে। যদিও দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটছে না—তা কিন্তু নয়। তবে বিগত দেড়-দুই বছর ধরে কিছু গোষ্ঠী যেভাবে কাজ করে গেছে, তার তুলনায় বর্তমান সরকারের সময়ে উন্নতি অনেক বড় এবং তাৎপর্যপূর্ণ বলে তিনি মনে করেন।
জাহেদ উর রহমান জানান, তিনি সংস্কৃতি মন্ত্রণালয়েরও দায়িত্ব পালন করছেন। এই মন্ত্রণালয় নিয়ে তিনি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে একাধিক বৈঠক করেছেন। তার মতে, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং তা ছড়িয়ে দেওয়ার বিষয়ে বর্তমান প্রধানমন্ত্রীর মতো মনোযোগী সরকার প্রধান বাংলাদেশ আগে কখনো পেয়েছে কিনা, তা নিয়ে তার সন্দেহ রয়েছে।

















