দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের লক্ষ্যে পাঁচ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বুধবার (২৬ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে আয়োজিত দলের যৌথসভার শুরুতে সাংবাদিকদের ব্রিফিংকালে এই ঘোষণা দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামী ১ সেপ্টেম্বর সকাল ৯টায় রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া ৫ সেপ্টেম্বর আয়োজিত আলোচনা সভায় দলের শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন বলে জানানো হয়েছে।
রুহুল কবির রিজভী আরও জানান, সেপ্টেম্বরের সুবিধাজনক সময়ে আরও দুটি কর্মসূচি পালন করা হবে। এর মধ্যে উন্মুক্ত জলাশয়ে মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন দলের যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল এবং বৃক্ষরোপণ কর্মসূচির নেতৃত্বে থাকবেন আরেক যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
এসবের বাইরেও আরও বেশ কিছু কর্মসূচি গ্রহণের পরিকল্পনা রয়েছে, যা দলের চেয়ারম্যানের সঙ্গে পরামর্শ করে চূড়ান্ত করা হবে বলে জানান রুহুল কবির রিজভী। উল্লেখ্য, এই যৌথসভায় বিএনপির যুগ্ম মহাসচিববৃন্দ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আহ্বায়ক ও সদস্য সচিব, এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় সভাপতি, আহ্বায়ক ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

















