রাজনীতি

নোয়াখালীতে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ

প্রতিবেদক
সব খবর

নোয়াখালীর সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়ন ছাত্রদলের সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটিকে ‘পকেট কমিটি’ আখ্যা দিয়ে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও সড়ক অবরোধ করেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা। বুধবার (২৬ আগস্ট) বিকেলে অশ্বদিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়। এটি সোনাপুর-কবিরহাট সড়কের দিনমনি বাজার প্রদক্ষিণ করে পুনরায় ইউনিয়ন পরিষদের সামনে এসে শেষ হয়।

বিক্ষোভকারীরা সোনাপুর-কবিরহাট সড়কে টায়ার জ্বালিয়ে, ইটপাটকেল ও গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করেন। এতে প্রায় এক ঘণ্টা ধরে সড়কের উভয় পাশে যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পদবঞ্চিত নেতাকর্মীরা ঘোষিত কমিটি বাতিল করে তৃণমূলের ত্যাগী ও দুঃসময়ের নেতাকর্মীদের সমন্বয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান।

সমাবেশে বক্তব্য রাখেন অশ্বদিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি পদপ্রার্থী মোশাররফ হোসেন সাগর, মাহবুবুল আলম রবিন, আকবর হোসেন রবিন, মোশাররফ হোসেন মিঠু, মো. জিহাদ হোসেন, মো. রিফাত, মো. সিয়াম, মো. শাকিল এবং আরিয়ান হোসেন আফসারসহ আরও অনেকে।

বক্তারা অভিযোগ করেন, নতুন কমিটিতে ইয়াছিন আলম হাসানকে আহ্বায়ক ও আবদুল্লাহ বিন মাহিদকে সদস্য সচিব করা হলেও সেখানে ত্যাগী ও দুঃসময়ের কর্মীদের মূল্যায়ন করা হয়নি। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এই আহ্বায়ক কমিটি বাতিল করে তৃণমূলের মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠন করা না হলে জেলা শহরে কঠোর কর্মসূচি ও সড়ক অবরোধ করা হবে।

সব খবর