সারা বিশ্বের বর্তমান পরিস্থিতির ইতিবাচক পরিবর্তন আনতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর অনুসৃত নীতি ও আদর্শের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। বুধবার রাজধানীর চাঁন কমিউনিটি সেন্টারে আহলা দরবার শরিফের উদ্যোগে আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর সেমিনার ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডিএসসিসি প্রশাসক বলেন, মহানবী (সা.)-এর আগমন সারা বিশ্বের জন্য এক বিশাল সুসংবাদ। তার আগমনের মাধ্যমেই ইসলাম বিশ্বে শান্তি, মানবতা ও সাম্যের ধর্ম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে ইসলামকে নানাভাবে বিতর্কিত করার অপচেষ্টা চালানো হলেও রাসুল (সা.)-এর প্রদর্শিত পথেই পৃথিবীর কল্যাণ ও সাম্য প্রতিষ্ঠা সম্ভব বলে তিনি উল্লেখ করেন।
দেশের চলমান বিদ্যুৎ, গ্যাস ও অন্যান্য সংকট প্রসঙ্গে আবদুস সালাম বলেন, বর্তমান সরকার উত্তরাধিকার সূত্রে এসব দীর্ঘদিনের জমে থাকা সমস্যা পেয়েছে। আগের সরকারের আমলের অনিয়ম ও উদাসীনতার কারণেই এসব সংকট তৈরি হয়েছে, যা রাতারাতি সমাধান করা সম্ভব নয়।
পুরান ঢাকার নাগরিক সমস্যার বিষয়ে কথা বলতে গিয়ে তিনি জলাবদ্ধতার জন্য নাজুক ও ক্ষতিগ্রস্ত ড্রেনেজ ব্যবস্থাকে দায়ী করেন। তিনি বলেন, জলাবদ্ধতা নিরসনে সাময়িক কোনো পদক্ষেপের চেয়ে পানি বুড়িগঙ্গায় নিষ্কাশনের সমন্বিত পরিকল্পনা প্রয়োজন। অতীতের অপরিকল্পিত নগরায়ণ এবং খাল, বিল, পুকুর ও খোলা জায়গা দখল করে ভবন নির্মাণের কারণেই আজ পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে। পুরান ঢাকার সরু রাস্তা ও ঘনবসতির বাস্তবতাকে মানিয়ে নিয়েই নাগরিক সুবিধা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।
ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। তাই প্রতিটি নাগরিককে নিজের বাসা-বাড়ি, আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখার অনুরোধ জানান তিনি।
এ সময় তিনি পুরান ঢাকাকে সুন্দর ও পর্যটনবান্ধব করতে বুড়িগঙ্গা নদী পরিষ্কার করা এবং ঐতিহ্যবাহী নৌকাবাইচ, ঘুড়ি ওড়ানো, সাইকেল চালানো, কাওয়ালি ও কাসিদার মতো সংস্কৃতিগুলো ফিরিয়ে আনার ঘোষণা দেন। এছাড়া নতুন প্রজন্মকে ইতিহাসের সঙ্গে পরিচয় করিয়ে দিতে সিটি করপোরেশনের উদ্যোগে সপ্তাহে দুই দিন স্কুল-কলেজের শিক্ষার্থীদের বাসে করে আহসান মঞ্জিল, লালবাগ কেল্লা, শহীদ মিনার, বড় কাটরা ও তারা মসজিদসহ বিভিন্ন ঐতিহাসিক স্থান পরিদর্শনের পরিকল্পনার কথাও জানান তিনি।

















