রাজনীতি

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর ছাত্র হতে আসিনি, বললেন বিরোধী দলীয় নেতা

প্রতিবেদক
সব খবর

জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের তৃতীয় দিনে স্বরাষ্ট্রমন্ত্রীর আচরণের তীব্র সমালোচনা করেছেন বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশন চলাকালে তিনি সরাসরি বলেন, সংসদ সদস্য হিসেবে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর ছাত্র হতে এখানে আসেননি। তিনি আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী যদি শিক্ষক হতে চান তবে তিনি নতুন কোনো বিশ্ববিদ্যালয় খুলতে পারেন, যেখানে যার ইচ্ছা ভর্তি হয়ে তার লেকচার শুনতে পারবে।

বিরোধী দলীয় নেতা অভিযোগ করেন, সংসদ অধিবেশন শুরুর দিন থেকেই স্বরাষ্ট্রমন্ত্রী তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলছেন। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী নিজেকে কী মনে করেন তা স্পষ্ট নয়। এমনকি তিনি সংসদে শিক্ষকের ভূমিকা পালন করার যে দুঃসাহস দেখিয়েছেন, তা সংসদীয় ফ্যাসিজম ছাড়া আর কিছু নয়। এই ধরনের আচরণ বন্ধ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সংসদের সৌন্দর্য রক্ষায় স্বরাষ্ট্রমন্ত্রীকে তার বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করতে হবে এবং তা কার্যপ্রণালি থেকে এক্সপাঞ্জ করতে হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এই দাবি পূরণ না হলে তাদের পক্ষে অপমানিত হয়ে সংসদে বসা সম্ভব নয়।

এর আগে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল ব্রাহ্মণবাড়িয়ায় গান-বাজনা ও নৌকাবাইচ বন্ধের প্রসঙ্গ তুলে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে প্রশ্ন তোলেন। তিনি জানতে চান, গত ছয় মাসে স্বরাষ্ট্রমন্ত্রী আইন-শৃঙ্খলা রক্ষায় সফল হয়েছেন কি না। এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রশ্নটি বুঝতে পারেননি দাবি করে বলেন, এটি প্রশ্ন নাকি পল্টনের বক্তৃতা তা তিনি বুঝতে পারছেন না। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ায় সিনেমা হল না থাকা এবং দেওয়া তথ্যের পরিসংখ্যান নিয়ে তিনি পাল্টা প্রশ্ন তোলেন। স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের পর বিরোধী দলীয় সংসদ সদস্যরা প্রতিবাদ জানিয়ে হট্টগোল শুরু করেন।

সব খবর