মোংলা কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশনের ২০২৬-২০২৯ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকাল ১১টায় খুলনার সোনাডাঙ্গার এম এ বারী সড়কের সিএন্ডএফ টাওয়ারে অবস্থিত সংগঠনের প্রধান কার্যালয়ে এই শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি মোঃ মোশাররাফ হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহামুদুন চৌধুরী জনি এবং সিনিয়র সহ-সভাপতি মোঃ জাবেদ হোসেন। নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার ও খুলনা শ্রমিক দলের সভাপতি মুজিবুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)-এর চেয়ারম্যান অ্যাডভোকেট এস. এম. শফিকুল আলম (মনা)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব ও খুলনা জেলা পরিষদের প্রশাসক এস. এম. মনিরুল হাসান বাপ্পী, খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ (পিপিএম-সেবা), বেনাপোল কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশনের সভাপতি শামসুর রহমান এবং খুলনা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বদরুল আনাম খান।
এছাড়া দেশের বিভিন্ন কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশনের নেতৃবৃন্দ, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য, গণমাধ্যমকর্মী এবং ফেডারেশন অব বাংলাদেশ কাস্টমস অ্যাসোসিয়েশনস (এফবিসিএ)-এর প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত থেকে নবনির্বাচিত পরিষদকে শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে বক্তারা মোংলা বন্দরকেন্দ্রিক কাস্টমস্ এজেন্টদের কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করেন এবং দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে তাদের অবদানের কথা তুলে ধরেন। তারা আশা প্রকাশ করেন যে, নবনির্বাচিত পরিষদ দায়িত্ব গ্রহণের মাধ্যমে সংগঠনের সদস্যদের কল্যাণ, ব্যবসায়িক স্বার্থ রক্ষা এবং সেবার মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পারস্পরিক সহযোগিতা, স্বচ্ছতা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির মাধ্যমেই সংগঠনটিকে আরও শক্তিশালী ও কার্যকর করা সম্ভব বলে তারা মত দেন।
শপথ অনুষ্ঠান শেষে নবনির্বাচিত সভাপতি মোঃ মোশাররাফ হোসেন প্রধান অতিথি, বিশেষ অতিথি, সরকারি কর্মকর্তা, নির্বাচন পরিচালনা কমিটি, বিভিন্ন এসোসিয়েশনের নেতৃবৃন্দ, এফবিসিএ প্রতিনিধি এবং উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

















