আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য সম্মান বয়ে আনল ডিবিএল সিরামিকস। মর্যাদাপূর্ণ ‘ম্যাডস্টারস ২০২৬’ প্রতিযোগিতায় ‘এসডিজি’ ক্যাটাগরিতে গ্র্যান্ড প্রিক্স অর্জন করেছে প্রতিষ্ঠানটির পরিবেশবান্ধব উদ্ভাবনী উদ্যোগ ‘টাইলচক’। গ্র্যান্ড প্রিক্সের পাশাপাশি পিআর এবং ব্র্যান্ড এক্সপেরিয়েন্স অ্যান্ড অ্যাক্টিভেশন ক্যাটাগরিতে আরও দুটি ‘ক্রিস্টাল অ্যাওয়ার্ড’ জিতে নিয়েছে প্রকল্পটি।
‘টাইলচক’ মূলত একটি উদ্ভাবনী প্রকল্প, যেখানে সিরামিক পণ্য তৈরির সময় উৎপন্ন শিল্পবর্জ্য বা কাদাকে প্রক্রিয়াজাত করে ক্লাসরুমের লেখার চক তৈরি করা হয়। কারখানার এই বর্জ্যকে সামাজিক ও শিক্ষাক্ষেত্রের সম্পদে রূপান্তরের মাধ্যমে পরিবেশ সুরক্ষার পাশাপাশি একটি স্থায়ী পরিবর্তনের সুযোগ তৈরি করেছে ডিবিএল সিরামিকস। প্রতিষ্ঠানটি এই পুরো পদ্ধতিটিকে ‘ওপেন সোর্স’ বা উন্মুক্ত করে দিয়েছে, যাতে অন্যান্য শিল্পপ্রতিষ্ঠানও টেকসই উৎপাদনে উদ্বুদ্ধ হয়।
এই বৈশ্বিক সাফল্যে কৃতজ্ঞতা প্রকাশ করে ডিবিএল সিরামিকসের চিফ বিজনেস অফিসার মোহাম্মদ বায়েজিদ বাশার বলেন, ম্যাডস্টারস-এর এই স্বীকৃতি তাদের জন্য একটি বড় মাইলফলক। তিনি আরও জানান, ইন্ডাস্ট্রির সমস্যাগুলোকে ভিন্ন দৃষ্টিভঙ্গিতে দেখলে যে কার্যকর সমাধান সম্ভব, ‘টাইলচক’ তার প্রমাণ।
উল্লেখ্য যে, ডিবিএল সিরামিকস ও পপ ফাইভ-এর যৌথ প্রচেষ্টায় তৈরি ‘টাইলচক’ এর আগেও অ্যাডফেস্ট, দ্য ওয়ান শো, অ্যাডফোরাম ফিনিক্স এবং স্পাইকস এশিয়ার মতো স্বনামধন্য আন্তর্জাতিক প্ল্যাটফর্মে পুরস্কৃত হয়েছে।
















