বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এক বাণীতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার মূল উৎস। তিনি দলের সর্বস্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, বিএনপি একটি জনকল্যাণমূলক, গণতান্ত্রিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার সংগ্রামের নাম।
তারেক রহমান বলেন, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপির সাহস, সংগ্রাম, ত্যাগ ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী দেশবাসীর জন্য আনন্দ ও প্রেরণার দিন। ১৯৭৮ সালের এই দিনে ঢাকার রমনা বটমূলের খোলা চত্বরে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ইতিহাসে এটি ছিল একটি যুগান্তকারী ঘটনা। তিনি বলেন, ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের বাকস্বাধীনতা ও গণতন্ত্রের পথ রুদ্ধ করা হয়েছিল, যা থেকে জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে দেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনেন।
প্রতিষ্ঠার এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করে তারেক রহমান বলেন, একই সঙ্গে তিনি সাবেক প্রধানমন্ত্রী ও চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়াকেও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন, যিনি তাঁর নেতৃত্ব দিয়ে বিএনপিকে প্রতিটি ঘরে পৌঁছে দিয়েছিলেন। তিনি আরও উল্লেখ করেন, গণতন্ত্র, সুশাসন ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি সবসময় অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে এবং এই সংগ্রামে যারা জীবন দিয়েছেন বা আহত হয়েছেন, তাদের অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
তারেক রহমান বলেন, বিএনপি যখনই রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়েছে, তখনই সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন ও নারীশিক্ষার প্রসারসহ গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে। দেড় দশকের ফ্যাসিবাদী শাসনের অবসানের পর জনগণের রায়ে পুনরায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়া বিএনপি এখন একটি জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় নিরলস কাজ করছে। জনগণের আস্থা ও বিশ্বাস অক্ষুণ্ন রেখে আগামী দিনগুলোতেও দেশমাতৃকার সেবায় বিএনপি বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

















