মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হচ্ছে। ১৯৭৮ সালের এই দিনে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঢাকার রমনা পার্কে বিএনপি প্রতিষ্ঠা করেন এবং দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। মঙ্গলবার সকাল ৯টায় দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। এ সময় সেখানে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করা হবে। এছাড়া দিবসটি উপলক্ষে মৎস্য অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করবে দলটি। আগামী ৫ সেপ্টেম্বর একটি আলোচনা সভাও অনুষ্ঠিত হবে।
দলীয় সূত্রে জানা যায়, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জিয়াউর রহমান নিহত হওয়ার পর ১৯৮৩ সালের ২১ ফেব্রুয়ারি তাঁর সহধর্মিণী খালেদা জিয়া বিএনপির নেতৃত্বে আসেন এবং দীর্ঘ সময় চেয়ারপারসনের দায়িত্ব পালন করেন। বর্তমানে লন্ডনে অবস্থানরত তারেক রহমান ২০১৮ সালের ফেব্রুয়ারি থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে ২০২৬ সালের ৯ জানুয়ারি তিনি দলের পূর্ণাঙ্গ চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর ঘোষিত কর্মসূচির মধ্যে মৎস্য অবমুক্তকরণে নেতৃত্ব দেবেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। এছাড়া বৃক্ষরোপণ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন দলের যুগ্ম মহাসচিব ও পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

















