বাণিজ্য মন্ত্রণালয় বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৫ টাকা বাড়ানোর অনুমোদন দিয়েছে। এই সিদ্ধান্তের ফলে বাজারে এখন এক লিটার বোতলজাত সয়াবিন তেলের নতুন দাম দাঁড়িয়েছে ২০৪ টাকা, যা এতদিন ১৯৯ টাকায় বিক্রি হচ্ছিল।
ব্যবসায়ীদের পক্ষ থেকে মূল্য সমন্বয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে এই অনুমোদন দেওয়া হয়। এর আগে ভোজ্যতেল ব্যবসায়ীরা প্রতি লিটারে ১০ টাকা দাম বাড়ানোর আবেদন করেছিলেন। বুধবার (২ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের কক্ষে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে লিটারপ্রতি ৫ টাকা দাম সমন্বয়ের অনুমতি দেওয়া হয়।
দাম সমন্বয়ের পর বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খান জানান, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম বৃদ্ধি এবং পরিবহন ব্যয় বেড়ে যাওয়াই আমদানিকারকদের দাম বাড়ানোর দাবির মূল কারণ।
তিনি আরও বলেন, ব্যবসায়ীরা আরও বেশি দাম বাড়ানোর দাবি জানালেও সরকার তা সমন্বয় করে লিটারপ্রতি ৫ টাকা বৃদ্ধির অনুমোদন দিয়েছে।
বাণিজ্য সচিব আশ্বস্ত করেন যে, বর্তমানে বাজারে ভোজ্যতেলের কোনো সংকট নেই। সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই সরকার এই দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে। রমজানের আগে ভোজ্যতেলের দাম আবারও বাড়ানো হবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি তখনকার বাজার পরিস্থিতির ওপর নির্ভর করবে।
মূল্যস্ফীতিতে এই দাম বৃদ্ধির প্রভাব পড়বে কি না জানতে চাইলে বাণিজ্য সচিব জানান, এতে কিছুটা প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

















