তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, দেশ বর্তমানে একটি ‘ডিফারেন্ট সিচুয়েশন’ বা ভিন্ন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার দুপুরে ভোলা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এসময় মন্ত্রী উপস্থিত সাংবাদিকদের সরকারের গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানান।
মন্ত্রী বলেন, সরকারের কাজকর্ম সঠিকভাবে পরিচালিত হচ্ছে কি না এবং কোথায় ভুল হচ্ছে, তা সাংবাদিকদের তুলে ধরা প্রয়োজন। তিনি বলেন, ‘সরকারের কাজের সমালোচনা ও ভুলত্রুটি তুলে ধরলে তা সংশোধনের সুযোগ তৈরি হয়। আমরা কাজগুলো ঠিকমতো করছি কি না, আপনারা লিখবেন। আমাদের ভুলগুলো ধরিয়ে দেবেন, যাতে আমরা সেগুলো সংশোধন করতে পারি।’
ভোলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট নজরুল হক অনুর সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. শামীম রহমান, পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার, ভোলার প্রথম সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা এম এ তাহের, জেলা বিএনপির সদস্যসচিব রাইসুল আলম এবং বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ভোলা জেলা সভাপতি আমিরুল ইসলাম রতন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভোলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন লিটন।
মতবিনিময় সভায় ভোলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। সভার শেষ পর্যায়ে স্থানীয় সাংবাদিকদের পক্ষ থেকে চ্যানেল আইয়ের ভোলা জেলা প্রতিনিধি ও দৈনিক ভোলার বাণীর সম্পাদক মো. হারুন অর রশীদসহ অন্যান্য সাংবাদিকরা মন্ত্রীকে ফুলের শুভেচ্ছা জানান।

















