প্রতারণার মামলায় দণ্ডিত প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে জামিন দিয়েছেন হাইকোর্ট। আদালতের এই আদেশের ফলে তার কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা। রোববার বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. রাফিজুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এই জামিন মঞ্জুর করেন।
এর আগে গত ২৫ আগস্ট রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে পুলিশ বিদিশা সিদ্দিককে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। ২০০৮ সালে দায়ের করা একটি প্রতারণার মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামশেদ আলমের আদালত চলতি বছরের ২০ মে তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। একই সঙ্গে আদালত তাকে ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেন এবং জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়।
কারাগারে থাকা অবস্থায় বিদিশা সিদ্দিক হাইকোর্টে জামিনের আবেদন জানিয়েছিলেন। সেই আবেদনের শুনানি শেষে আদালত তাকে জামিন প্রদানের আদেশ দেন।

















