কক্সবাজারের মহেশখালীতে সাগরে মাছ ধরার সময় একটি ফিশিং ট্রলার ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় পাঁচজন জেলেকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও এখনো একজন জেলে নিখোঁজ রয়েছেন। রবিবার (৬ সেপ্টেম্বর) মহেশখালী উপকূল থেকে প্রায় ১৪ নটিক্যাল মাইল দূরে গভীর সাগরে এই দুর্ঘটনাটি ঘটে। ট্রলারটি স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিনের মালিকানাধীন ছিল।
উদ্ধার হওয়া জেলেরা জানিয়েছেন, ঘটনার সময় তারা ট্রলারের ভেতরে ঘুমন্ত অবস্থায় ছিলেন। হঠাৎ কোনো কিছু বুঝে ওঠার আগেই বোটটি ডুবে যায়। পানিতে ভাসতে ভাসতেই তাদের জ্ঞান ফিরে আসে এবং তারা একে অপরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। পরবর্তীতে উদ্ধারকারীদের সহায়তায় তারা প্রাণে বেঁচে ফেরেন। জীবিত উদ্ধার হওয়া জেলেদের মধ্যে রয়েছেন কবির আহমদের পুত্র জসিম উদ্দিন (৩৫), বেলাল উদ্দিন (৩০), জাফর আলমের পুত্র শাহাজান (২৯), রহিম উল্লাহর পুত্র শাকের উল্লাহ এবং আব্দুল মান্নানের পুত্র বাবু।
এদিকে, নিখোঁজ জেলের নাম আলা উদ্দিন (৩৫)। তিনি মহেশখালী পৌরসভার ৩নং ওয়ার্ডের বাসিন্দা মৃত আশরাফ আলীর পুত্র। তাকে উদ্ধারের জন্য সাগরে তৎপরতা চালানো হচ্ছে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে নিখোঁজ জেলের পরিবারের সদস্যদের মধ্যে তীব্র উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোলতান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফিশিং বোটডুবির ঘটনায় পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের জন্য প্রয়োজনীয় তৎপরতা চলমান রয়েছে।

















