মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) শহীদ ওসমান হাদী হলের প্রোভোস্ট অধ্যাপক ড. মো: ইশতিয়াক আহমেদ তালুকদার দুটি বিতর্কিত নোটিশ জারির জেরে শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে পদত্যাগ করেছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা হল প্রোভোস্টের কক্ষ তালাবদ্ধ করে দেয়। পরে প্রোভোস্ট ঘটনাস্থলে উপস্থিত হলে শিক্ষার্থীদের তোপের মুখে তিনি মৌখিকভাবে পদত্যাগের ঘোষণা দেন।
বিশ্ববিদ্যালয় ও হল সূত্রে জানা যায়, গত ১ ও ২ সেপ্টেম্বর শহীদ ওসমান হাদী হলের পক্ষ থেকে দুটি বিতর্কিত নোটিশ জারি করা হয়। নোটিশে রাত ১২টার পর রিডিং রুমে অবস্থান এবং রাত ১০টার পর ডাইনিং ও কিচেন রুম তালাবদ্ধ রাখার কথা বলা হয়। এই নোটিশগুলোর পাশাপাশি শিক্ষার্থীদের রুম থেকে হিটার, রাইস কুকার জব্দ করা এবং অন্যান্য সমস্যার সমাধান না হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শেষ পর্যন্ত প্রোভোস্ট অধ্যাপক ড. মো: ইশতিয়াক আহমেদ তার পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বপ্রাপ্ত উপ-উপাচার্য অধ্যাপক মো: আনিছুর রহমান জানান, উপাচার্য বিদেশ সফরে থাকায় এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়নি। তিনি দেশে ফেরার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

















