পার্বতীপুরে এ্যাফেক রেসিডেনসিয়াল মডেল স্কুলের পিএসসি ও জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে পার্বতীপুর উপজেলা পরিষদ কার্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহমুদ হুসাইন রাজু। এ্যাফেক রেসিডেনসিয়াল মডেল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক আখতারুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি প্রদান ও সংবর্ধনার মতো এমন উদ্যোগ তাদের মাঝে পড়াশোনার উৎসাহ ও আত্মবিশ্বাস বৃদ্ধি করবে। তিনি আশা প্রকাশ করেন যে, শিক্ষার্থীরা ভবিষ্যতে আরও ভালো ফলাফল করবে এবং দেশ ও জাতির সেবায় নিজেদের অবদান রাখবে।
সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাপস রায়, কেজি সোসাইটি পার্বতীপুরের সভাপতি শহিদুল ইসলাম বাবলা, এ্যাফেক রেসিডেনসিয়াল মডেল স্কুলের প্রধান শিক্ষক আরাফাত জামিল এবং প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোশারফ হোসেনসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনায় অনুপ্রাণিত করা এবং তাদের অর্জিত সাফল্যের যথাযথ স্বীকৃতি দেওয়ার লক্ষ্যেই এই সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, ২০১৮ সালে যাত্রা শুরু করা এ্যাফেক রেসিডেনসিয়াল মডেল স্কুল বর্তমানে শিশু শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে।

















