ছবি ছাড়া বায়োমেট্রিক ফিচার ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরির দাবি জানিয়ে করা একটি রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এস এম সাইফুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এই রায় প্রদান করেন। এর ফলে নিয়ম অনুযায়ী ছবি দিয়েই জাতীয় পরিচয়পত্র গ্রহণ করতে হবে।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী শেখ ওমর শরীফ ও ইলিয়াছ আলী মণ্ডল। অন্যদিকে নির্বাচন কমিশনের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী কামাল হোসেন মিয়াজী।
ঘটনার বিবরণে জানা যায়, ২০২২ সালে রাজধানীর শাহজাহানপুর শান্তিবাগের বাসিন্দা সুমাইয়া আহমাদ মুনা হাইকোর্টে এই রিট আবেদনটি করেন। রিটকারীর স্বামী মুহম্মদ আরিফুর রহমানকে তার পক্ষ থেকে অথরিটি প্রদান করা হয়। আবেদনে উল্লেখ করা হয়, রিটকারী একজন পর্দানশীন মুসলিম নারী এবং তিনি ধর্মীয় অনুশাসন মেনে চলেন। ছবি তোলা থেকে বিরত থাকার কারণে তিনি জাতীয় পরিচয়পত্র পাননি, যার ফলে বিভিন্ন নাগরিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তাই ছবি ছাড়া বিকল্প ব্যবস্থায় পরিচয়পত্র পাওয়ার নির্দেশনা চেয়ে তিনি আদালতে আবেদন করেছিলেন।
এর আগে ২০২২ সালের ৬ মার্চ হাইকোর্ট এই রিটের শুনানি গ্রহণ করে একটি রুল জারি করেছিলেন। রুলে ছবি ছাড়া বায়োমেট্রিক ফিচার ব্যবহার করে এনআইডি তৈরিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়েছিলেন আদালত। দীর্ঘ শুনানির পর বুধবার হাইকোর্ট সেই রুলটি খারিজ করে দিলেন।

















