প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ২০। কক্সবাজারের টেকনাফে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক কনস্টেবলকে ৫৪ হাজার ইয়াবা বড়িসহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার দুপুরে রামু সেক্টরের অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোস্টে তল্লাশি চালানোর সময় তাকে আটক করা হয়। আটককৃত পুলিশ সদস্যের নাম মোহাম্মদ আলী ওরফে মুন্না সিকদার (২৭)। তিনি টেকনাফের হ্নীলা ইউনিয়নের মৃত নুরুল বশরের ছেলে এবং ১৬ এপিবিএনে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। দীর্ঘদিন ধরেই তিনি টেকনাফে দায়িত্ব পালন করে আসছিলেন বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে।
বিজিবি জানায়, মরিচ্যা যৌথ চেকপোস্টে একটি মোটরসাইকেলকে সন্দেহজনক মনে হলে বিজিবি সদস্যরা সেটিতে তল্লাশি চালায়। এ সময় মোটরসাইকেল আরোহী মুন্না সিকদারের কথাবার্তায় অসঙ্গতি পাওয়া গেলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তিনি মোটরসাইকেলের ভেতর বিশেষ কৌশলে ইয়াবা লুকিয়ে রাখার কথা স্বীকার করেন। পরে তার দেখানো মতে মোটরসাইকেল থেকে ২৭০টি পুঁটলিতে ৫৪ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। বিজিবির হিসাব অনুযায়ী, উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৬২ লাখ টাকা।
অভিযানকালে তার কাছ থেকে দুটি আইফোন, একটি নিবন্ধনবিহীন পুরোনো মোটরসাইকেল এবং নগদ ৫০ হাজার ৯৯০ টাকা জব্দ করা হয়েছে। রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) জানিয়েছে, উদ্ধারকৃত ইয়াবা এবং জব্দ করা আলামতসহ তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক জানিয়েছেন, আটককৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

















