সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে দায়ের করা অস্ত্র আইনের মামলার অভিযোগ গঠন শুনানি পিছিয়ে আগামী ২৩ আগস্ট নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত। বুধবার (২২ জুলাই) ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-৪-এ এই শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। শুনানিকালে আসামিপক্ষের আইনজীবীরা সময়ের আবেদন জানালে রাষ্ট্রপক্ষের আইনজীবী জহিরুল ইসলাম (কাইয়ুম) এর বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে ট্রাইব্যুনালের বিচারক মঈন উদ্দিন চৌধুরী আগামী ২৩ আগস্ট অভিযোগ গঠনের পরবর্তী তারিখ ধার্য করেন। এর আগে বুধবার দুপুরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ঢাকা মহানগর হাজতখানা থেকে আনিসুল হককে আদালতে হাজির করা হয়।
মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ২৫ আগস্ট জারি করা এক সরকারি প্রজ্ঞাপনে ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত ব্যক্তিগত নিরাপত্তার জন্য ইস্যু করা সব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করা হয়। প্রজ্ঞাপনে ওই লাইসেন্সের আওতায় থাকা সব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ ২০২৪ সালের ৩ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। নির্দেশনায় উল্লেখ ছিল, নির্দিষ্ট সময়ের মধ্যে অস্ত্র জমা না দিলে তা অবৈধ হিসেবে গণ্য হবে এবং অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে।
অভিযোগ রয়েছে যে, আনিসুল হক নির্ধারিত সময়ের মধ্যে তার লাইসেন্সধারী আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ বনানী থানা বা অন্য কোনো থানায় জমা দেননি। এমনকি এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট থানাকে কোনো তথ্যও জানাননি। পরবর্তীতে তার লাইসেন্সে উল্লেখ করা ঠিকানায় গিয়ে কাউকে পাওয়া যায়নি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে চলতি বছরের ২৪ মে বনানী থানার উপপরিদর্শক (এসআই) মো. জানে আলম দুলাল বাদী হয়ে আনিসুল হকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলাটি দায়ের করেন।

















