পটুয়াখালীর কলাপাড়ায় জমি দখল, চাঁদা দাবি এবং প্রাণনাশের হুমকির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি, তার বাবা এ বি এম হাবিবুর রহমান এবং বড় ভাই মো. মামুনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রহিম গত মঙ্গলবার (২১ জুলাই) কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলাটি করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ১১ জুলাই সকাল সাড়ে ১০টার দিকে আসামিরা ভেকু মেশিন, ভ্যান, কোদাল ও নির্মাণসামগ্রী নিয়ে বিদ্যালয়ের দাবি করা জমিতে প্রবেশ করেন। তারা জোরপূর্বক মাটি কেটে চলাচলের রাস্তা নির্মাণের চেষ্টা চালালে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কয়েকজন শিক্ষককে নিয়ে ঘটনাস্থলে যান। এ সময় আসামিরা তাদের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং অশালীন আচরণের পাশাপাশি প্রাণনাশের হুমকি দেন। বাদী আব্দুর রহিমের অভিযোগ, প্রায় ছয় শতাংশ জমির মাটি কেটে রাস্তা তৈরি করায় বিদ্যালয়ের প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বাদী আব্দুর রহিম জানান, বিদ্যালয়ের জমি দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানের দখলে রয়েছে এবং বিষয়টি আদালতে বিচারাধীন। স্থানীয় পর্যায়ে বিষয়টি সমাধানের সব চেষ্টা ব্যর্থ হওয়ায় শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হতে হয়েছে। আদালতের বেঞ্চ সহকারী মো. ফেরদৌস মিয়া জানান, মামলাটি নথিভুক্ত করা হয়েছে এবং তদন্ত শেষে আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
তবে নুরুজ্জামান কাফি তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, চাঁদাবাজি, প্রাণনাশের হুমকি ও জমি দখলের অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা। তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং নিরপেক্ষ তদন্তে সত্য বেরিয়ে আসবে বলে আশা প্রকাশ করেন। কাফির দাবি, যে জমিতে রাস্তা নির্মাণ করা হয়েছে তা বৈধভাবে কেনা এবং জমির বিক্রেতারা উচ্চ আদালতসহ তিনটি আদালতের রায় পেয়েছেন। তিনি আরও বলেন, বিরোধপূর্ণ জমির মালিক নিজে হওয়া সত্ত্বেও তার বাবা ও পরিবারের সদস্যদের আসামি করা অযৌক্তিক।

















