রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক আইজিপি বেনজীর আহমদসহ মোট ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। সোমবার (২৭ জুলাই) বেলা পৌনে ১১টার দিকে ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে এই অভিযোগপত্র জমা দেন প্রসিকিউটর জহিরুল আমিন। ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।
বর্তমানে এই মামলায় মোট নয়জন গ্রেপ্তার রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক, সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলাম, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, সাংবাদিক ফারজানা রুপা এবং মোজাম্মেল বাবু।
প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে ঢাকা এবং এর আশপাশের চারটি স্থানে মোট ৫৮ জন নিহত হয়েছিলেন। এর মধ্যে ঢাকায় ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে ৫ জন এবং কুমিল্লায় একজন নিহতের বিষয়টি তদন্ত সংস্থার মাধ্যমে শনাক্ত করা হয়েছে।
উল্লেখ্য যে, ২০১৩ সালের ৫ মে ১৩ দফা দাবিতে হেফাজতে ইসলাম মতিঝিলের শাপলা চত্বরে বিশাল সমাবেশ করেছিল। দিনভর উত্তেজনা ও সংঘর্ষের পর গভীর রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযানের মাধ্যমে সমাবেশটি ছত্রভঙ্গ করে দেওয়া হয়। ওই অভিযানে বহু মানুষ নিহত হওয়ার অভিযোগ উঠলেও তৎকালীন আওয়ামী লীগ সরকার বারবারই নিহতের বিষয়টি গুজব বলে উড়িয়ে দিয়েছিল।

















