নওগাঁর বদলগাছী উপজেলায় পাওয়ার টিলারের নিচে চাপা পড়ে সোহাগী নামের তিন বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার আধাইপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটি ওই গ্রামের সোহেল মন্ডলের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোহেল মন্ডল অন্যের জমিতে পাওয়ার টিলার দিয়ে আলু চাষের জন্য জমি প্রস্তুত করছিলেন। বাবার সঙ্গে মাঠে যাওয়ার বায়না ধরায় তিনি মেয়েকেও সঙ্গে নিয়ে যান। জমি চাষের সময় সোহাগীকে ক্ষেতের আইলে বসিয়ে রাখা হয়েছিল। একপর্যায়ে পাশের ধানক্ষেত থেকে দুটি শিয়াল বেরিয়ে এলে শিশুটি ভয় পেয়ে যায়। শিয়ালের হাত থেকে বাঁচতে বাবার কাছে দৌড়ে যাওয়ার সময় সে চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন সেখানে ছুটে যান এবং এলাকায় শোকের ছায়া নেমে আসে। আদরের সন্তানকে হারিয়ে শোকস্তব্ধ হয়ে পড়েন সোহেল মন্ডল ও তার পরিবারের সদস্যরা। বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

















